প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
cox24newsbd.com
cox24newsbd.com Mosjid market high school road chakaria municipality
০১৭৮৪৮৭৪৮৪৪ | cox24news2024@gmail.com
বিনোদন

ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো

ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো
প্রতিবেদক: কক্স২৪ নিউজ ডেস্ক। প্রকাশ: Jul 28, 2026 প্রিন্ট: 29 Jul 2026, 09:40 AM
ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো
ছবি: ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরের জগতে অভিনয় ও প্রযোজনায় অভিষেক হতে যাচ্ছে পর্তুগিজ এই সুপারস্টারের। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন ও অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে যৌথভাবে একটি টিভি ড্রামা সিরিজে কাজ করছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, যুক্তরাজ্যের ফুটবল এজেন্টদের পর্দার আড়ালের জীবন নিয়ে নির্মিত ‘ডে ওয়ানস’ শিরোনামের এই সিরিজে রোনালদোর পাশাপাশি ক্রীড়া ও বিনোদন জগতের আরও কয়েকজন পরিচিত মুখ অংশ নেবেন।

ইতোমধ্যে লন্ডনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণা থেকে নির্মিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘স্ট্যানলি ডাল্টন’, যার ভূমিকায় অভিনয় করছেন ড্যামিয়ান লুইস। এছাড়া অতিথি চরিত্রে দেখা যেতে পারে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‌্যাপার ডেভকে।

রোনালদো শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না; তিনি সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। এটি রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’-এর প্রথম বড় আনুষ্ঠানিক প্রকল্প। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সিরিজের মাধ্যমে ক্রীড়াভিত্তিক বিনোদন কনটেন্টে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

এর আগে যৌথ প্রযোজনা সংস্থাটি দুটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে। অন্যদিকে, ‘কিংসম্যান’, ‘লেয়ার কেক’ এবং ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে ম্যাথিউ ভন ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেললেও ৪১ বছর বয়সি রোনালদো ফুটবল-পরবর্তী ক্যারিয়ারের প্রস্তুতি শুরু করেছেন। অভিনয় ও প্রযোজনায় তার এই নতুন যাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

তবে ‘ডে ওয়ানস’ প্রকল্প নিয়ে রোনালদো, ম্যাথিউ ভন কিংবা ড্যামিয়ান লুইসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com